ত্রিশের আগেই জাতীয় দলকে বিদায় বললেন নিকোলাস পুরান

বয়স ত্রিশ স্পর্শ করেনি, তবু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন নিকোলাস পুরান। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের এই আকস্মিক অবসর বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে। গত বছর এই ফরম্যাটে সর্বোচ্চ ১৭০টি ছক্কা হাঁকানো পুরান হঠাৎ কেন অবসর নিলেন?

ইনস্টাগ্রামে অবসর ঘোষণা দিয়ে পুরান লিখেছেন, ‘যে খেলাটিকে আমরা ভালোবাসি, তা অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতেও দিতে থাকবে — আনন্দ, লক্ষ্য, স্মরণীয় স্মৃতি আর ওয়েস্ট ইন্ডিজের মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ। ওই মেরুন জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা আর প্রতিবার মাঠে নামার সময় নিজের সবটুকু উজাড় করে দেওয়া... এগুলোর মানে আমার কাছে ঠিক কতটা গভীর, সেটা শব্দে প্রকাশ করা কঠিন।’

তিনি আরও লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া ছিল এমন একটি গর্বের বিষয়, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব। যদিও আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের এই অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে, তবু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই মিলিয়ে যাবে না। দলের জন্য এবং গোটা অঞ্চলের আগামীর জন্য আমি কেবল সাফল্য আর শক্তি কামনা করি।’

২০১৬ সালে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল পুরানের আর ২০১৯ সালে হয় ওয়ানডে অভিষেক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব পার করতে ব্যর্থ হওয়ায় এই ফরম্যাটে আর ম্যাচ খেলেননি। সর্বশেষ আইপিএলে তিনি পাঁচশর বেশি রান করেছেন। ছক্কা মেরেছেন ৪০টি। ২৯ বছর বয়সী এই তারকা সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে বিশ্রাম চেয়েছিলেন। তাই তাকে বাইরে রেখেই দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।