আড়াইহাজার

দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ফার্মেসিতে ইয়াবা রেখে চাঁদা দাবির অভিযোগ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ফার্মেসিতে ইয়াবা রেখে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) ভুক্তভোগী ফার্মেসি ব্যবসায়ী সাদেকুর রহমান এই লিখিত অভিযোগ করেন। সাদেক আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গোপালদী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।

অভিযুক্তরা হলেন- উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে সাদেকুর রহমান জানান, গত ৪ জুন অভিযুক্ত দুই পুলিশ সদস্য দোকানে আসে। এসময় তারা নানান কথাবার্তার এক পর্যায়ে একটা সিরাপ হাতে নিয়ে জিজ্ঞেস করে এটা কীসের, আমি বলি ভিটামিনের সিরাপ। এসময় সিরাপের বোতলের পেছনে লুকিয়ে থাকা একটি কাগজের প্যাকেট বের করেন তারা। এসময় সেই প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। প্যাকেটটিতে ৪৫ থেকে ৪৯টির মত ইয়াবা ছিল।

এসময় পুলিশ সদস্যরা দেড় লাখ টাকা চায় এবং টাকা না দিলে গ্রেপ্তার করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন সাদেকুর। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতারা এগিয়ে আসার পর সাদেকুরের পরিচয় জানতে পেরে তারা চুপ হয়ে যায়। এসময় উপস্থিত সোহেল তানভীর ৫০ হাজার টাকায় মীমাংসার কথা বললে তারা ঘটনাস্থল থেকে ভয়ে চলে যায়।

এ ঘটনায় যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের প্রতি আবেদন জানিয়েছেন সাদেকুর রহমান।

অভিযুক্ত এএসআই কুতুবউদ্দিন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনরা তদন্ত করছে। তাদের সঙ্গে কথা বললে জানতে পারবেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, অভিযোগ পাবার পর বিষয়টি তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।