অস্ট্রিয়ায় বিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ৮

অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) গ্রাজের বোর্গ ড্রেয়ারসচুটজেনগাসে উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সময় সকাল ১০টায় এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা

শহরের মেয়র এলকে কাহরের বরাতে অস্ট্রিয়া প্রেস এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্ক।

মেয়র এই ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বর্ণনা করে জানিয়েছেন, অনেককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার সময় বন্দুকধারীও আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, হাইস্কুলে একাধিক গুলির শব্দ শোনা যাচ্ছে বলে একটি ফোন কল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশের মুখপাত্র সাবরি ইয়োরগুন জানান, স্থানীয় সময় সকাল ১০টায় একটি ফোন পাওয়ার পর হাইস্কুলে যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে বিশেষ বাহিনীও রয়েছে। কী ঘটেছে তা জানতে কর্তৃপক্ষ কাজ করছে। 

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় গ্রাজ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, স্কুলটি খালি করা হয়েছে এবং শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটিকে ‘সুরক্ষিত’ ঘোষণা করে আর কোনো বিপদ নেই বলেও জানান তারা।

মাত্র তিন লাখ মানুষের শহর গ্রাজ দেশটির রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।