হাতিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুলের পশ্চিম পাশে রাস্তার মাথায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান ওরফে শামীম এবং হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহতরা হচ্ছেন, তমরদ্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সানা উল্লাহ, আনোয়ার হোসেন,নুর ইসলাম, খোকন, দিদার, এনায়েত হোসেন, জাহাজমারা ইউনিয়নের মোঃ হানিফ, বুড়িরচর ইউনিয়নের রুবেল, চরকিং ইউনিয়নের নোমান, সাগর সহ ৩৫ জন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তমরদ্দি বাজারে বেলা তিনটায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপির একাংশ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে।
অনুষ্ঠানে যোগ দিতে শামীমের অনুসারীরা দুপুর ২টা থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসা শুরু করেন। শামীমের অনুসারীদের অভিযোগ, সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর কবিরের লোকজন তমরুদ্দি বাজারে তাদের ওপর হামলা চালিয়েছে। এসময় দুই গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত তাঁতিদলের তমরদ্দি ইউনিয়নের সভাপতি মো. শাহেদ জানান, ঈদ পুনর্মিলনী কর্মসূচিতে আমরা মিছিলযোগে রওনা হয়েছিলাম। হঠাৎ করে আমাদের মিছিলের পিছন দিয়ে কয়েকজন অস্ত্রধারী হামলা চালায়। এ সময় আমিসহ আমাদের প্রায় ৩৫ জন নেতাকর্মী আহত হন। হামলাকারীরা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী।
হামলার বিষয়টি অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, হাতিয়া উপজেলায় কিছু বহিরাগত লোকজন রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আমাদের ঘাটের কয়েকজন শ্রমিকের উপর হামলা চালায় । এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। আমাদের পক্ষ থেকে তাদের উপর কোন হামলা চালানো হয়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, ‘দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর শুনেছি। তবে আমাদের কাছে এখনো কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’