ডায়াবেটিস রোগীদের খাওয়া-দাওয়ায় রাশ টানতে হয়। ডায়াবেটিস ধরা পড়লে অনেকেই ভাত খাওয়া কমিয়ে বা বন্ধ করে দেন। ডাক্তারদের অভিমত হলো, ডায়াবেটিসের রোগীরা লাল চাল খেতে পারেন। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লাল চাল। সাদা চালের থেকে লাল চালে ফাইবার ও অন্যান্য মিনারেল বেশি রয়েছে। লাল চালে ফাইটিক অ্যাসিড বা অ্যান্টি-নিউট্রিয়েন্ট উপাদানও বেশি আছে, যেগুলো পুষ্টি শোষণে বাধা দেয়। লাল চালের সঙ্গে ডাল-সবজির মতো খাবার রাখলেই রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা সম্ভব।
ভাতের সঙ্গে ডাল, সবজি, মাছ-ডিম-মাংস সবই খেতে হয়। সুতরাং শুধু যে কার্বোহাইড্রেট খাচ্ছি, তা কিন্তু নয়। ডাল, শাকসবজিই দেহে ফাইবার ও অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ করে দেয়। অর্থাৎ ভাতের সঙ্গে সবজির তরকারি, ডাল রাখলেই ডায়াবেটিসের সুগার বেড়ে যাওয়ার ভয় নেই। তবে পরিমাণ বুঝে খেতে হবে। চিনিযুক্ত খাবার যত কম খাওয়া যায়, ততই ভালো। এ ছাড়া রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে হলে সময়মতো খাবার খাওয়া, পরিমাণ বুঝে খাবার খাওয়াও জরুরি। আর নিয়মিত শরীরচর্চা ছাড়া ফিট থাকা সম্ভব নয়। এই কয়েকটি বিষয় মেনে চললেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।