রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৮৮২ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ছুটিকালীন গত ৫, ৬ ও ৭ জুন পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৫ জুন পাঠানো বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬২ জন মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৮৯ জন অন্যান্য অপরাধে গ্রেপ্তার। একইভাবে ৬ জুনে মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯২৭ জন ও অন্যান্য আসামি ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৭ জুনের বার্তায় মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৬ ও অন্যন্য ২২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া দেশজুড়ে পুলিশের এই অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল ১টি, একনলা বন্দুক ১টি, চায়নিজ কুড়াল ১টি, দেশীয় অস্ত্র ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৫ রাউন্ড, কার্তুজ ৫টি, রাইফেলের গুলির খোসা ৩০৩টি, কার্তুজের খালি খোসা ১টি, ধারালো ছুরি ২টি, বার্মিজ চাকু ৫টি, দেশি রিভলবার ১টি, হাঁসুয়া ২টি, দা ১টি, ককটেল ২৩টি ও ওয়ান শুটারগান ১টি।
৪ জুন- গুলিস্তান : রাজধানীর গুলিস্তানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন, মো. মাসুদ মিয়া (৩৫), মো. নজরুল ইসলাম (৪০), আলামিন (২২) ও মো. সজল মিয়া (৩৩)। গত বুধবার সন্ধ্যায় গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পেশাদার ছিনতাইকারীচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।
৪ জুন- তেজগাঁও : ডিএমপির তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। এর মধ্যে তেজগাঁও থানা কর্তৃক ৫ জন, শেরেবাংলা নগর থানা কর্তৃক ১ জন, মোহাম্মদপুর থানা কর্তৃক ৩০ জন, আদাবর থানা কর্তৃক ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা কর্তৃক ১ জন এবং হাতিরঝিল থানা কর্তৃক ৪ জনসহ সর্বমোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
৫ জুন- ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার : ঝটিকা মিছিলবিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজনসহ (৫৩) আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। অপর দুজন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) ও আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)। গত ৪ ও ৫ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৯জুন- মোহাম্মদপুর : দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট-১, মাদক-১ দস্য্যুতা-১ ও অন্যান্য অভিযোগে ২জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের মধ্যে ৫ জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ, সেলিম (৪৫), রফিক (৪০), সাদ্দাম (৩০), উজ্জ্বল (৩২) ও শামীম (২৫)। মঙ্গলবার ডিএমপির তেজগাঁও বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।