পার্বতীপুরে টিকিট কালোবাজারির এক মাসের কারাদণ্ড

ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে রেলপার্ক এলাকার ফ্লেক্সিলোড ব্যবসায়ী হাকিমুল ইসলাম বাবু (৩০) কে আটক করা হয়েছে। 

সেনাবাহিনী ২৮ বীরের লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যার দিকে সেনাবাহিনী ও পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের একটি চৌকস দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পার্বতীপুর শহরের শহীদ জিয়া রেলপার্কে নগদ, রকেট ও বিকাশ এজন্টে পাশাপাশি ফ্লেক্সিলোড ব্যবসা করে আসছিলেন। 

আটক হাকিমুল বাবু উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের শফি উদ্দিনের ছেলে। 

পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, বাবু আটকের পর তার ব্যবহৃত মোবাইলে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাখা টিকেটের অনলাইন কপিসহ হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রমমাণ আদালত পরিচালনা করে বাবুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেন। আজ বুধবার (১১ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।