আর্জেন্টিনার মাঠে ৮৬'র ম্যারাডোনা যেনো দেখা দিলেন লুইস দিয়াজে

যেন ম্যারাডোনার ছায়ায় ঢেকে গেল বুয়েনস আয়ার্স! আর্জেন্টিনার মাটিতে, বিশ্বের সেরা দলের বিপক্ষে, এমন এক গোল করলেন লুইস দিয়াজ—যেটা কল্পনাও করেনি কেউ। ২৫তম মিনিটে একক নৈপুণ্যে করা সেই গোল যেন ৮৬-র ম্যারাডোনাকে ফিরিয়ে আনল।

বিশ্বকাপধারী আর্জেন্টিনার বিপক্ষে লিভারপুলের এই উইঙ্গার নিজের জাত চেনালেন। সেন্টার লাইনের কাছে বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে এলেন, গতির বদল করলেন, দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকলেন এবং ঠাণ্ডা মাথায় এমি মার্তিনেজকে পরাস্ত করলেন। গোলের পর গোটা ‘মাস মনুমেন্টাল’ স্তব্ধ!
স্প্যানিশ দৈনিক এএস লিখেছে, 'দিয়াজ মাস মোনুমেন্টালে খেলেছেন ফলস নাম্বার ৯ হিসেবে। আধুনিক যুগের সব সেন্টার ফরোয়ার্ডের মতো, তিনিও বক্সের বাইরে এসে আক্রমণে সহায়তা করেছেন। একটি পরিষ্কার সুযোগ এসেছিল, যেটির সুযোগ নিয়েছিলেন ওতামেন্দি। কখনও কখনও তিনি আক্রমণে সম্পূর্ণ ফ্রি ছিলেন এবং প্রান্তে চলে গিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে আক্রমণের ঝুঁকি সৃষ্টি করেছেন।'

মাঝমাঠে ডি পলের বিপক্ষে এক আয়েসি পাস দিয়ে নিজেই তৈরি করেছিলেন গোলের সুযোগ। তবে আসল ম্যাজিকটা এসেছিল ২৫তম মিনিটে—যখন দিয়াজ হয়ে উঠলেন ৮৬-র ম্যারাডোনার মতো। বা পাশে সেন্টার লাইনের কাছ থেকে বলটি রিসিভ করেন তিনি। ধেয়ে যান সামনে। গতির পরিবর্তন করে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইনের মার্কিং ভেঙে। আরো এক আর্জেন্টাইনের বাধা পেরিয়ে এমি মার্তিনেজকে ফাকি দিয়ে গোল করেন।' এই গোলটি বাছাইপর্বে দিয়াজের সপ্তম, যা তাকে গোলদাতাদের শীর্ষে নিয়ে গেছে। 

২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতায় ১৭টি গোল করেছেন দিয়াজ। আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগ জয়ী দলের বড় অস্ত্র ছিলেন তিনি। কখনও উইঙ্গার, কখনও মেকশিফট স্ট্রাইকার—দারউইন নুনেজ ও দিয়োগো জটার আগেই নাম উঠে আসছে তাঁর।

লিভারপুল সঙ্গে চুক্তির মেয়াদ আর মাত্র দুই বছর আছে দিয়াজের। কিন্তু বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক আর স্পোর্টিং ডিরেক্টর ডেকো দু’জনকে মনে ধরেছে তাকে। সৌদি লিগও আগ্রহী। নিজেই বলেছেন, “আমি লিভারপুলে খুব খুশি। কিন্তু মার্কেট তো খোলা, সবকিছুই সম্ভব। ক্লাবের ভালো প্রস্তাব না এলে থাকতেও আপত্তি নেই।”