বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে সহপাঠী মিলে গোসল করতে নেমে মিরাজ ইসলাম (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী ঢেপা নদীতে এ ঘটনা ঘটে। 

মিরাজ ইসলাম বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আদিবাসীপাড়া এলাকার নাঈম ইসলামের ছেলে। সে সুজালপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।  

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নানা আজিমুলের বাড়িতে বেড়াতে আসে মিরাজ। বুধবার বেলা ১১টার দিকে সহপাঠীদের নিয়ে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণের মধ্যেই কিশোর মিরাজ পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফারায় সার্ভিস টিম ও স্থানীয়দের দীর্ঘ চার ঘণ্টার উদ্ধার তৎপরতার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, নখাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত আজিমুল এর নাতির মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, স্কুলছাত্র নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।