সারা দেশে এনআরবিসি ব্যাংকের শাখা-উপশাখাগুলোর মাধ্যমে ১০, ৫০ এবং ১০০ টাকার বিনিময়ে হিসাব খোলাসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। যেখান থেকে বিনা জামানতে এবং সহজ শর্তে ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান। তিনি বলেন, এসব কর্মসূচিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার এনআরবিসি ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এসব কথা বলেন।
তৌহিদুল আলম খান বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। এসব কর্মসূচিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে ‘ন্যানো ক্রেডিট’ চালু করা হচ্ছে।
এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা আইডিই’এর কান্ট্রি ডিরেক্টর সামির খারকি, নবপল্লব প্রকল্পের চিফ অব পার্টি সেলিনা শেলী খান, আইডিইর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ফয়সাল আহমেদ, আইডিই’র ড. মো. জাকারিয়া, ব্যাংকের রিটেইল ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।