সুদূর নাইজেরিয়া থেকে ক্লাব ফুটবল খেলতে এসে বাংলাদেশকে ভালোবেসে ফেলেছিলেন এলিটা কিংসলে। এদেশেই শুরু করেন সংসার। লাল-সবুজের দেশের প্রতি ভালোবাসা থেকেই ২০২০ সালে তিনি নাইজেরিয়ান পাসপোর্ট ত্যাগ করে বাংলাদেশের নাগরিকত্ব নেন। আকাঙ্খা ছিল, জাতীয় দলে খেলার। কিন্তু দুই ম্যাচ খেলেই তার ক্যারিয়ার থমকে যায়।
দেশের ফুটবলে এখন প্রবাসীদের রমরমা। সেই ২০১৩ সালে জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু হওয়ার পর সম্প্রতি হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল, তারিক কাজী, কাজেম শাহরা। তবে একটা সময় জাতীয় দলের হবু স্ট্রাইকার হিসেবে ভাবা হতো কিংসলেকেই। পাঁচ বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া কিংসলে দুই ম্যাচ খেলেই আড়ালে চলে যান। তাকে বাদ দেওয়ার পেছনে উল্লেখযোগ্য কোনো কারণ দেখানো হয়নি।
অনেকেই বলেন, ফিটনেসের জন্য তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে এত বছর পরও কিংসলে সেটা মানতে রাজি নন। জাতীয় দলে ডাক পাওয়ার আশায় নিজেকে ফিট রাখতে নিয়মিতই পরিশ্রম করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালেই যেমন জাতীয় দলের জার্সি গায়ে জিম করার ছবি পোস্ট করে লিখেছেন, ‘লাল-সবুজ রঙ আমার গর্ব’। তবে বাস্তবতা হলো, কিংসলের জন্য জাতীয় দলে ফেরা এখন খুবই কঠিন।