দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এই টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কার চল্লিশের অধিক দাবাড়ু ছাড়াও ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও মালদ্বীপের দাবাড়ু অংশ নিয়েছেন। তাদের টপকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছেন তাহসিন।
দাবার সংক্ষিপ্ততম একটি ফরম্যাট হলো র্যাপিড দাবা। তাহসিন ৭ রাউন্ডের মধ্যে পাঁচটিতে জয় ও দু'টিতে ড্র করেছেন। র্যাপিড দাবায় বাংলাদেশের আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ পাঁচ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। মেয়েদের বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম হয়েছেন।
এর আগে শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র স্ট্যান্ডার্ড দাবায় বাংলাদেশের তিন পুরুষ ও এক নারী দাবাড়ু অংশ নিয়েছিলেন। সেই টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম, তাহসিন তাজওয়ার নবম ও ফিদে মাস্টার সাজিদ ১৯ তম হন। নারী বিভাগে ওয়াদিফা আহমেদ ১৬ তম হন। এরপরই দাবার অন্য দুই ফরম্যাট ব্লিটজ ও র্যাপিড অনুষ্ঠিত হয়।