ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুই শতাধিক যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
আহমেদাবাদের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি ডাক্তারদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, পুলিশ, দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারতৎপরতা চলমান রয়েছে বলে জানান তিনি।
একটি সরকারি সূত্রের তথ্য, ওই ফ্লাইটের যাত্রী তালিকায় ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, এক কানাডিয়ান ও সাত পর্তুগিজের নাম রয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।