ব্রাহ্মণবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা নাগাদ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংঘর্ষে আহতদের মধ্যে রহিম মিয়া (১৭), মনির মিয়া (৩৫), ইসরাইল মিয়া (৩০), সিরাজুল ভূইয়া (৪৫), মজলুম ইসলাম (৪৫), নাজমুল হক (৫০), মাহবুব (৩০), সাইফুল (২৩), ইউনুছ মিয়া (৫০), তারেক মিয়া (২৭), ইয়ামিন (১৪), জলিল মিয়া (৩০), বশির মিয়া (৩০), কুতুব আলী (৫৫), বশির (২০), রমুজ মিয়া (৫৫), জিহাদ মিয়া (২২), রিপন মিয়া (৩০), সাকিবুল (২০) জেলা সদর ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে শিশু মিয়ার গোষ্ঠীর রাজিব ও সাধুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে  বৃহস্পতিবার (১২ জুন) সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরাইল-অরুয়াইল সড়কের মাঝে দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। 

ইউনিয়ন পরিষদ সদস্য নূর বানু জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীও আসে।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।