সাভারের আশুলিয়ায় আনন্দ রয় বাসফোর (২০) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করে আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি হৃদয় আহমেদকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪।
র্যাব-৪ জানায়, গত ৮ জুন রাতে জিরানী এলাকার মান্নান ডিগ্রী কলেজের এইসএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আনন্দ রয় বাসফোর ছিনতাকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তার সাথে থাকা আইফোন ও নগদ ১০ হাজার ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে।
বুধবার (১১ জুন) এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি হৃদয় আহমেদকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হৃদয় আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।