অ্যাকুরিয়ামের গায়ের দাগ পরিষ্কার করা সম্ভব

অনেকের বাড়িতে অ্যাকুরিয়াম থাকে। অ্যাকুরিয়ামে মাছ পুষতে পছন্দ করেন। লাল, নীল, সাদা বিভিন্ন বর্ণের মাছ অ্যাকুরিয়াম বা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই অ্যাকুরিয়াম যতœ নিয়ে পরিষ্কার করা উচিত। অনেক সময় দেখা যায়, অ্যাকুরিয়ামের কাচের গায়ে সময়ের সঙ্গে সাদা ছোপ পড়ে যায়। পরিষ্কার করার চেষ্টা করা হলেও সেই দাগ অনেক সময় রয়ে যায়।

কেন সাদা দাগ

অ্যাকুরিয়ামে কী ধরনের পানি ব্যবহার করা হচ্ছে, তার ওপরে মাছের আয়ু এবং অবশ্যই অ্যাকুরিয়ামের পরিষ্কার-পরিচ্ছন্নতা নির্ভর করে। পানির মধ্যে ক্ষার এবং আয়রন থাকে। সময়ের সঙ্গে পানির মাত্রা নিচের দিকে নামতে শুরু করলে পানির মধ্যে অবস্থিত আয়রন এবং বিভিন্ন ক্ষার জাতীয় উপাদান কাচের গায়ে জমা হতে শুরু করে। ফলে অ্যাকুরিয়ামের গায়ে সাদা লম্বা লম্বা দাগের সৃষ্টি হয়। এই দাগগুলো অ্যাকুরিয়ামের সৌন্দর্যহানি ঘটাতে পারে। অনেক সময় ধারালো কোনো বস্তু দিয়ে দাগগুলো তোলার চেষ্টা করা হলে, অ্যাকুরিয়ামের গায়ে আঁচড় পড়ে যায়। অথচ সহজেই এই দাগ তোলা সম্ভব।

পরিষ্কারের পদ্ধতি

অ্যাকুরিয়াম খালি করার পর, প্রথমে কম ক্ষারযুক্ত সাবান দিয়ে কাচের ভেতরের অংশ পরিষ্কার করতে হবে। প্রয়োজনে ছোবড়া ব্যবহার করা যায়। তার পরও দাগ না উঠলে ভিনিগারের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে নিয়ে তাতে ভেজানো কাপড় দিয়ে কাচের দাগগুলোকে ঘষতে হবে। দাগ যদি কঠিন হয়, সে ক্ষেত্রে ভিনিগার ব্যবহার করার পর স্থায়ী আঁচড় পড়বে না, এ রকম কোনো বস্তু দিয়ে দাগগুলোকে সামান্য চাপ দিয়ে ঘষে তুলে দেওয়া যেতে পারে। অ্যাকুরিয়ামের কাচ পরিষ্কার রাখতে জলের ফিল্টারটি নিয়মিত পরিষ্কার করা উচিত। অ্যাকুরিয়ামে ব্যবহৃত পানির মধ্যে যদি ক্ষারের পরিমাণ বেশি থাকে, তাহলে ওয়াটার সফটনার ব্যবহার করা যেতে পারে। মাছকে প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে খেতে দেওয়া উচিত নয়। পাশাপাশি, অ্যাকুরিয়ামের পানির বিভিন্ন গাছও নিয়মিত পরিষ্কার রাখা উচিত। এর ফলে পানি জীবাণুর পরিমাণ বাড়বে না।