মুন্সীগঞ্জ শহরের আদালতপাড়া থেকে থানারপুল সড়কে ১১টি স্পিডব্রেকারে সাদা রঙ করা হয়েছে দুটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত চার আসামির অর্থায়নে। আদালতের প্রভেশনের শর্তে মুক্তি পাওয়া এ আসামিরা সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন। ঈদুল আজহার পরদিন থেকে শুরু হওয়া এ রঙের কাজ গত বুধবার রাতে শেষ হয়েছে। পুরো কাজের তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ জানান, চলতি বছর মে মাসের শেষে পৃথক দুটি মাদক মামলায় চার আসামির প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার রায় দেন বিচারক শহিদুল ইসলাম। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা সমাজের জন্য ভালো কাজ করার সুযোগ চেয়ে প্রভেশনে মুক্তির আবেদন করেন।