বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। যদি দেশের ভালো চান, তাহলে লন্ডন থেকে অথবা লন্ডন থেকে ফিরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। অন্যথায় আমরা মেনে নেব না।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ এ তিনি এ কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, জাপান সফরকালে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। অথচ কমিউনিস্ট পার্টিসহ অধিকাংশ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে বাম শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কমিউনিস্ট পার্টি পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আমরা চাই না। কিন্তু তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।