জি এম কাদের বললেন

সরকার একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে

অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। এ ধরনের নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এ সরকারও পার পাবে না। দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্য পাবে না।

তিনি আরও বলেন, এমন নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না।

জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না। তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইনশৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে।

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।