সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন রূপপুর গ্রামের আব্দুস সালাম ও মনিরামপুর গ্রামের সারফুল রহমান রতœ। এদিন দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান ও শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। এ কমিটি গতকাল সকাল থেকে তদন্তের কাজ শুরু করেছে। প্রথম দিন তারা ঘটনাস্থল পরিদর্শন ও শাহজাদপুরের রাজনৈতিক ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী ও সুধীমহলের সাক্ষাৎকার গ্রহণ করে।
এ বিষয় শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, গত ১০ জুন রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনের নামে শাহজাদপুর থানায় একটি মামলা করেছেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।