টি-টোয়েন্টি ক্রিকেট দিনে দিনে কোথায় চলে যাচ্ছে তার পরিমাপ করাও মুশকিল। রেকর্ড ভাঙা-গড়া যেন ডালভাত হয়ে গেছে এই ফরম্যাটে। এবার এক বছরের ব্যবধানে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। দেড়শ রানের ইনিংস খেলার পথে হাঁকালেন ১৯টি ছক্কা!
আজ শুক্রবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসর। অকল্যান্ডে উদ্বোধনী ম্যাচেই ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ২৬৯ রানের পাহাড় গড়েছে ফ্রান্সিসকো ইউনিকর্ন। মাত্র ৫১ বলে ১৫১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন অ্যালেন, যাতে বাউন্ডারি মাত্র ৫টি আর ছক্কা ১৯টি! স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে এক ইনিংসে এটাই সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড।
এতদিন ১৮টি ছক্কা নিয়ে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল এবং অচেনা দল এস্তোনিয়ার সাহিল চৌহান। ২০১৭ বিপিএলে ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস খেলার পথে ১৮টি ছক্কা মারেন। এরপর ২০২৪ সাল সাইপ্রাসের বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলার পথে ১৮টি ছক্কা মেরে গেইলের রেকর্ডে ভাগ বসান সাহিল চৌহান।
২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার অ্যালেন আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন। ৪৯ বলে তার দেড়শ রান টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটার ও ‘বেবি এবি’খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের। তিনি ৫২ বলে ১৫০ রান করেছিলেন। এ ছাড়া আজ কেবল বাউন্ডারি থেকেই ১৩৪ রান করেছেন অ্যালেন, যা সানপ্রান্সিসকো’র হয়ে বাউন্ডারিতে সর্বোচ্চ রান।