আমার বাবা

আমার বাবা বিশাল ধনী

ধনে ভরা মন

যা চেয়েছি তাই পেয়েছি

যখন প্রয়োজন।

 

কাঠের পুতুল রঙিন হাঁড়ি

চার চাকাতে রিমোট গাড়ি

পাতার বাঁশি, চশমা ঘড়ি

যা নিয়ে রোজ বায়না ধরি

সব পেয়ে যাই কোনো কথার

হয় না তো ক্ষেপণ।

 

আমার বাবা বেশ সাহসী

আমার কাছে বীর

কোথাও বাবা পায় নাকো ভয়

উচ্চে রাখে শির।

একাই রাতে চলতে পারে

ভূতের কলার ধরতে পারে

সত্য জোরে বলতে পারে

আগুন হয়েও জ¦লতে পারে

বাবা আবার পিঠ পেতে নেয়

আমার দুঃখের তীর।

 

আমার বাবা আমার কাছে

মস্ত বড় কবি

এক চাওয়াতেই আঁকতে পারে

আমার জীবন ছবি

বাবা আমায় চলতে শেখায়

বাবা আমায় বলতে শেখায়

বাবা আমায় পড়তে শেখায়

সত্যে জীবন গড়তে শেখায়

মিথ্যা পেলে এক লাথিতে

ভাঙতে শেখায় সবই।