বেনাপোলে স্বামী-স্ত্রীকে হত্যা

বেনাপোলের সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের বাড়ির পাশের মাঠ থেকে দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীর মরদেহ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর মরদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে কে বা কারা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে রেহেনাকে হত্যা করে মাঠে ফেলে রাখে এবং মনিরকে হত্যা করে মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভ হবে।