ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাতায়াত শুরু করেছে। দৌলতদিয়া ঘাটে সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে পারাপার হচ্ছে সবাই। ঘাটের কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলের দিকে যাত্রীর সংখ্যা আরো বাড়তে পারে।
শনিবার (১৪ জুন) সকালে দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে সরেজমিনে দেখা গেছে, সকালে যাত্রী ও যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়তে দেখা যায়। তবে ফেরিতে বাস ও ট্রাকগুলো দ্রুত পার হচ্ছে, লঞ্চেও যাত্রীরা বিনা ভোগান্তিতে উঠতে পারছেন।
ঢাকা-খুলনা রুটের বাসচালক শফিকুল ইসলাম বলেন, ঈদে ঘাটে ভিড় থাকে তবে দীর্ঘ ছুটি থাকায় অনেকেই আগে চলে গেছে। তাই সেই ভাবে ভোগান্তি নেই।
আসলাম মিয়া বলেন, গ্রামে ঈদ করে ফিরছি। ভেবেছিলাম কষ্ট হবে, কিন্তু ঘাটে কোনো জটলা নেই। লঞ্চেও ঠাসাঠাসি অবস্থা নেই।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদের পর সাধারণত দ্বিতীয় বা তৃতীয় দিন যাত্রীর চাপ বেশি থাকে। তবে এবার ছুটি বেশি থাকায় সেই চাপ অনেক দেরিতে এসেছে। শুক্রবার থেকেই মানুষ যাওয়া শুরু করেছে। তবে শনিবার সকাল থেকেই স্বস্তিদায়ক পরিস্থিতি থাকলেও দুপুর থেকে লোকসমাগম বাড়তে পারে। তবে ভিড় সামলাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও নৌপরিবহন কর্তৃপক্ষ যাত্রীসুবিধার জন্য ১৭টি ফেরি ও ২০ টি লঞ্চ চলাচলের ব্যবস্থা করেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে ঘাটে অবস্থান করতে দেখা গেছে।