ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে 'তেহরান পুড়বে' বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
আজ শনিবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের সময় করা মন্তব্যে কাৎজ বলেছেন, ইরানের একনায়ক, দেশটির নাগরিকদের জিম্মিতে পরিণত করেছে।
তিনি আরও বলেন, তারা এমন একটি বাস্তবতা তৈরি করছেন, যেখানে তাদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের, বেসামরিক ইসরায়েলি নাগরিকদের ওপর অপরাধমূলক হামলার চরম মূল্য দিতে হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির খোররামাবাদ, কেরমানশাহ ও তাবরিজ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে; যা সম্ভাব্য নতুন ইসরায়েলি হামলার ইঙ্গিত।
তাবরিজ শহরের একটি ভিডিওতে দেখা যায়, শহরের আকাশে কালো ধোঁয়া উড়ছে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল আরও হামলার প্রস্তুতি নিচ্ছে। এই হামলা এখনও শেষ হয়নি।