লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের তারকাখচিত দল ইন্টার মায়ামি অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও, ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। মিশরের আল আহলির বিপক্ষে ম্যাচে মেসি-সুয়ারেজরা আলো ছড়াতে না পারলেও, একাই নায়ক বনে যান ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি।
হার্ড রক স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে প্রথমার্ধে একের পর এক আক্রমণে বিপদে ফেলেছিল আল আহলি। ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি আসে ৪৬তম মিনিটে, যখন পেনাল্টি পায় মিশরীয় ক্লাবটি। কিন্তু ত্রেজেগের নেওয়া সেই স্পট কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন উস্তারি, যা হয়ে দাঁড়ায় ম্যাচের টার্নিং পয়েন্ট। প্রথমার্ধেই উস্তারি করেন চারটি গুরুত্বপূর্ণ সেভ, আর পুরো ম্যাচে তার সেভ সংখ্যা দাঁড়ায় ৮টি—যা ছিল ইন্টার মায়ামির অন-টার্গেট শটের সংখ্যার (৫টি) চেয়েও বেশি।
ম্যাচ শেষে আলোচনায় ছিল না মেসি কিংবা সুয়ারেজের নাম, বরং প্রশংসার ফুলঝুরি উস্তারির জন্য। গত বছর সেপ্টেম্বরে দলে যোগ দিলেও ইনজুরির কারণে চলতি বছর জানুয়ারিতে গোলপোস্টের নিচে স্থায়ী হন এই ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন। এবং ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজের দক্ষতায় দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন তিনি।
ম্যাচে দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফিরেছিলেন মেসি। ফ্রি-কিক থেকে প্রায় গোল, পিকাল্টের জন্য দুর্দান্ত একটি হেড পাস এবং যোগ করা সময়ে ক্রসবারে লেগে ফিরে আসা এক শট—সবই জানান দেয়, তিনিও ম্যাচে প্রভাব রাখার চেষ্টা করেছিলেন।
ম্যাচ শেষে মিয়ামি কোচ মাশচেরানো বলেছেন,
"আমরা জানতাম, আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলছি... প্রথমার্ধে নার্ভাসনেস আর উদ্বেগ আমাদের সঙ্গে খেলা খেলেছে। তবুও জয়ের সুযোগ আমাদের ছিল। দল দারুণ ছাপ রেখে গেছে। এই পথেই এগিয়ে যেতে হবে... যদি এভাবে খেলতে পারি, তাহলে যে কাউকে হারাতে পারি।"
মাসচেরানো প্রশংসা করেছেন লিওনেল মেসির পারফরম্যান্সেরও।
"মেসির ফুটবলের প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। এত ম্যাচ খেলার পরও সে এখনও মাঠে নেমে নিজের সর্বোচ্চটা দিচ্ছে," বলেন মাশচেরানো। "নিশ্চয়ই আমরা জিততে চেয়েছিলাম, তবে আজকের পারফরম্যান্স নিয়ে আমি খুশি।"
ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ এখন গ্রুপ ‘এ’-র আরও কঠিন দুই প্রতিপক্ষ—পর্তুগালের এফসি পোর্তো ও ব্রাজিলের পালমেইরাস।