বৃষ্টিভেজা গলে আত্মবিশ্বাসী টাইগার শিবির

গলে টানা বৃষ্টিতে বিঘ্ন ঘটেছে মাঠের প্রস্তুতিতে, তবে দলীয় ব্যবস্থাপক নাফিস ইকবালের কণ্ঠে শোনা গেলো আস্থার সুর—সবদিক দিয়েই প্রস্তুত বাংলাদেশ। আগামী ১৭ জুন শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। তার আগেই স্বাগতিক উপকূলীয় শহরটিতে ধরা দিয়েছে প্রবল বৃষ্টির দাপট।

শনিবার সংবাদমাধ্যমে নাফিস বলেন, ‘আজ তো আমাদের মাঠে অনুশীলনের পরিকল্পনা ছিল না। গত রাত থেকেই বৃষ্টি থামেনি। তবে খেলোয়াড়েরা ভালো একটা জিম ও রিকভারি সেশন করেছে। ট্রেনার ইফতির তত্ত্বাবধানে দারুণ একটা দলীয় ভলিবল ম্যাচও হয়েছে। খেলোয়াড়েরা নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে, চলেছে একান্ত আলোচনা। সব মিলিয়ে আমরা প্রস্তুত।’

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত গলেতে থাকবে নিয়মিত বৃষ্টি আর মেঘলা আকাশ। এমন পরিস্থিতিতে মাঠে প্রস্তুতির সুযোগ কম থাকলেও, সেটিকে খুব একটা সমস্যা মনে করছেন না টাইগার ম্যানেজার।

‘একটা অনুশীলন সেশন মিস করলেই সব ভেস্তে যায় না। আগের দিন ছিল দীর্ঘ ভ্রমণের পরের দিন, কিন্তু আমরা প্রাথমিক কাজগুলো সেরে নিয়েছি। স্কিল কোচরা যেটুকু দরকার, সেটুকু করিয়ে নিয়েছেন,’ জানালেন নাফিস।

গলে পা রাখার আগে বাংলাদেশ খেলেছে একটি দলভিত্তিক প্রস্তুতি ম্যাচ। সেই অভিজ্ঞতাকে বাড়তি পুঁজি বলেই মনে করছেন নাফিস, ‘সেটা ছিল একটা পূর্ণাঙ্গ ম্যাচ পরিস্থিতি। এখানকার কন্ডিশন কেমন হবে, বলা কঠিন। কিন্তু ম্যাচ তো ম্যাচই—তা থেকেই ছোটখাটো ভুলগুলো ধরা পড়েছে।’

পাঁচ দিনের টেস্টে অভিজ্ঞতাকে বড় অস্ত্র ভাবছে টাইগাররা। টেস্টে নিয়মিত মুখ হিসেবে গড়ে ওঠা এই দলটির সাম্প্রতিক ফর্মও বেশ ইতিবাচক।

‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। পাঁচদিনের খেলা—যে দল বেশি সেশন জিতবে, তারাই জিতবে ম্যাচ। আমাদের টেস্ট দল গত দুই-তিন বছর ধরে ভালো করছে, অভিজ্ঞতাও আছে। আশা করছি ভালো কিছুই হবে,’ বললেন নাফিস।

তবে সব পরিকল্পনার বাইরে থেকে যাচ্ছে একটাই অনিশ্চয়তা—আবহাওয়া। নাফিস বললেন, ‘আবহাওয়ার ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই। তবে আবহাওয়া যদি সহায় হয়, তাহলে দলের জন্যই ভালো হবে।’

সেই প্রত্যাশাতেই গলে বৃষ্টির ভেজা বাতাসে জেগে উঠেছে টাইগারদের টেস্ট অভিযাত্রা।