মেসির হাঁটুতে বুটের আঘাত, দেখেও ফাউল দেননি রেফারি

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই ঘটে গেল রোমাঞ্চকর ও উদ্বেগজনক ঘটনা। হার্ড রক স্টেডিয়ামে শনিবার রাতে গ্রুপ ‘এ’-এর লড়াইয়ে মিশরের আল আহলির বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির ইন্টার মায়ামি। কিন্তু খেলার ৩৫তম মিনিটে মেসিকে নিয়ে গোটা স্টেডিয়ামে নেমে আসে আতঙ্ক।

ম্যাচের মাঝপথে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল ইন্টার মায়ামি। ঠিক তখনই একটি বল দখলের লড়াইয়ে সফল হন মেসি। কিন্তু পরের মুহূর্তে বল পায়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে মুখোমুখি পড়েন মরক্কোর ডিফেন্ডার আশরাফ দারির। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের পা না সরিয়ে, উল্টো মেসির হাঁটুতে গেড়ে দেন বুটের স্পাইক! মাঠে লুটিয়ে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। যন্ত্রণায় কাতর মেসি রেফারি আলিরেজা ফাঘানিকে দেখান তার পায়ের অবস্থা। অথচ, অবাক করার মতোভাবে, রেফারি কোনো ফাউল দেননি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) বিষয়টিতে হস্তক্ষেপ করেনি।

গোটা ইন্টার মায়ামি শিবির তখন স্তব্ধ, মেসির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কায় সমর্থকরাও।

প্রথমার্ধে পুরোপুরি চাপে ছিল মায়ামি। একের পর এক আক্রমণে আল আহলি যেন ব্যস্ত রেখেছিল তাদের রক্ষণভাগকে। ৪৩তম মিনিটে টেলাসকো সেগোভিয়ার এক ফাউলের ঘটনায় বিতর্কিতভাবে পেনাল্টি পায় আফ্রিকান জায়ান্টরা। স্পট থেকে গোলের জন্য এগিয়ে আসেন মাহমুদ ত্রেজেগে। কিন্তু ঠিক সেই সময়েই মায়ামির রক্ষাকর্তা হয়ে হাজির হন গোলরক্ষক অস্কার উস্তারি। দুর্দান্ত সেই সেভে দলকে গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন।

ম্যাচে গোল না এলেও ঘটনার ঘনঘটা ছিল চোখে পড়ার মতো। তবে উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে মেসির সেই ইনজুরি শঙ্কা, যেটি রেফারির এক সিদ্ধান্তে থেকে গেছে উপেক্ষিত।