রাশিয়া তাদের উন্নত ভিভিইআর রিয়্যাক্টরের জন্য উদ্ভাবন করেছে পঞ্চম প্রজন্মের ইউরেনিয়াম-প্লুটোনিয়ামভিত্তিক পারমাণবিক জ্বালানী, যার নাম ‘টিভিএস-৫’। এই নতুন জ্বালানীর একটি ব্যাচ সম্প্রতি নভোভারোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬ নম্বর ইউনিটে অবস্থিত ভিভিইআর-১২০০ রিয়্যাক্টরের মূল কোরে লোড করা হয়েছে। বর্তমানে ওই রিয়্যাক্টরে সমৃদ্ধ ইউরেনিয়াম ডাই-অক্সাইড ব্যবহার করা হলেও, পরীক্ষামূলকভাবে এর সঙ্গে টিভিএস-৫ যুক্ত করা হয়েছে। মোট তিনটি ১৮ মাসব্যাপী চক্রে এই পরীক্ষা চলবে। এটি রাশিয়ার দুটি উপাদানবিশিষ্ট নিউক্লিয়ার পাওয়ার কাঠামো গড়ে তোলার কৌশলের অংশ।
জ্বালানীটি প্রস্তুত করা হয়েছে রসাটমের অধীনস্থ নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে। এই জ্বালানীর নকশায় এমন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে এর উৎপাদনকে সম্ভব করে তোলে। এটি শিল্প পর্যায়ে ইউরেনিয়াম-প্লুটোনিয়ামভিত্তিক জ্বালানী তৈরির জন্য ভিভিইআর রিয়্যাক্টর ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।
রসাটমের জ্বালানী বিভাগ টেভেলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলেক্সান্ডার উগ্রীউমানভ বলেন, “দুটি উপাদানবিশিষ্ট পারমাণবিক শক্তি ব্যবস্থায় ক্লোজড নিউক্লিয়ার ফুয়েল সাইকেল নিশ্চিত করতে হলে, ব্যবহৃত জ্বালানীর পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন জ্বালানী তৈরি অপরিহার্য। এই জ্বালানী প্রচলিত থার্মাল নিউট্রনভিত্তিক রিয়্যাক্টরেও ব্যবহারযোগ্য। একইসঙ্গে, এ ধরনের জ্বালানী তৈরির প্রক্রিয়াও স্বয়ংক্রিয় হওয়া দরকার, যেমনটা ফাস্ট রিয়্যাক্টর ব্যবস্থার জন্য প্রয়োজন হয়। টিভিএস-৫ জ্বালানী উৎপাদনের ক্ষেত্রে আমরা সেটি অর্জন করেছি।”
রাশিয়া ভবিষ্যতের পারমাণবিক শক্তি শিল্পে ‘দুই উপাদানভিত্তিক ব্যবস্থা’ চালুর কৌশল হাতে নিয়েছে, যার মধ্যে থাকবে থার্মাল ও ফাস্ট নিউট্রনভিত্তিক রিয়্যাক্টরের সমন্বয়। এর মাধ্যমে ব্যবহৃত জ্বালানী পুনঃপ্রক্রিয়াজাত করে ক্লোজড নিউক্লিয়ার ফুয়েল সাইকেল গড়ে তোলা সম্ভব হবে। এতে ইউরেনিয়াম-প্লুটোনিয়ামভিত্তিক জ্বালানী একইসঙ্গে ফাস্ট এবং ভিভিইআর রিয়্যাক্টরে ব্যবহার করা যাবে। ফাস্ট রিয়্যাক্টর প্রযুক্তির দ্রুত বিস্তার ঘটায় এখন এই দুটি রিয়্যাক্টর ব্যবস্থার মধ্যে জ্বালানীর ভারসাম্যপূর্ণ সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে আশাবাদী রসাটম।