মুন্সীগঞ্জে সাপের কামড়ে চায়না মন্ডল (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) ভোরে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চায়না মন্ডল বেতকা গ্রামের পানাত মন্ডলের স্ত্রী।
স্বজনরা জানান, ভোর ৪ টার দিকে বসতঘরে ঘুমন্ত অবস্থায় চায়না মন্ডলকে সাপে কামড় দেয়। এতে যন্ত্রনায় ঘুম ভেঙ্গে গেলে সাড়ে ৬ টার দিকে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শৈবাল বসাক তার শরীরে বিষের অস্তীত্ব খুঁজে পান। কিন্তু হাসপাতালে বিষ প্রতিষেধক অ্যান্টিভেনম না থাকায় তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথে সকাল সাড়ে ৮ টার দিকে ওই নারী মৃত্যুকোলে ঢলে পড়েন।
২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর বলেন, গত বছরের ডিসেম্বর থেকে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নেই। বিষয়টি স্টোরকিপার দেখভাল করেন। কিন্তু স্টোরকিপার আমাকে এটি জানাননি। ঢাকায় অ্যান্টিভেনমের জন্য যোগাযোগ করেছি। আশা করি কালকের মধ্যে পেয়ে যাবো।