ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ইরানের মধ্যাঞ্চলীয় শহরে একটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে।
বিবৃতি অনুসারে, ইসরায়েল ইউরেনিয়াম উৎপাদন এবং রূপান্তর সম্পর্কিত অবকাঠামো ধ্বংস করেছে। এতে ইরান সরকারকে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।
তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘উন্নত’ করে এমন অন্যান্য স্থানগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।
শনিবার রাতে তেহরানের কাছে একটি তেল ডিপো এবং একটি জ্বালানি ট্যাঙ্কেও ইসরায়েল হামলা চালিয়েছে, যার ফলে বড় ধরনের আগুন লেগেছে।
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ অনুসারে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। রাতভর হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ইরান আগে জানিয়েছিল, সম্প্রতি ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছে।