বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত ‘টাইম আউট’ সিদ্ধান্ত নিয়ে অবশেষে আবার মুখ খুললেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ঘটনার সময়ের রাগ ও হতাশা এখনো তাকে নাড়া দেয়—এমনটাই জানিয়েছেন তিনি।
ইএসপিএনকে দেয়া একটা সাক্ষাৎকারে ম্যাথিউস স্পষ্ট ভাষায় বলেন, “আমি তখন খুব রেগে গিয়েছিলাম এবং হতাশও হয়েছিলাম। কারণ আমি কোনো ভুল করিনি। খেলার পর যখন ভিডিওটা ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দেখাই, তখন তারা বিষয়টি বুঝতে পারেন এবং আমাকে দুঃখপ্রকাশ করেন।”
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের গুরুত্বপূর্ণ সময় মাঠে নেমেই ব্যাটিং শুরু করার আগেই ম্যাথিউসকে ‘টাইম আউট’ দেওয়া হয়। কারণ, তার হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছিল এবং তিনি নতুন হেলমেট আনাচ্ছিলেন। সেই সময় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টাইম আউটের আবেদন করেন, যা আম্পায়াররা মেনে নেন।
ম্যাথিউস বলেছেন, “ওটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। আমি অনুভব করেছিলাম, আমাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছিল। জানি না তারা কেন ওইভাবে আচরণ করেছিল।” তার মতে, আম্পায়ারদের আরও কার্যকরভাবে হস্তক্ষেপ করা উচিত ছিল। “আমি নিশ্চিত, আমি দুই মিনিটের সময়সীমা অতিক্রম করিনি। আর এটা পরিষ্কার ছিল যে হেলমেটটা মাঠে প্রবেশ করার পরই ভেঙে যায়, আগে নয়। তাই আমার রেগে যাওয়াটা ন্যায্য ছিল,”— বলেন এই লঙ্কান তারকা।
এই মন্তব্যের মাধ্যমে আবারও আলোচনায় উঠে এল সেই ঐতিহাসিক ‘টাইম আউট’ বিতর্ক, যা প্রথমবারের মতো ঘটে বিশ্বকাপের মতো মঞ্চে।