ইসরায়েলের আগ্রাসনে যুক্তরাষ্ট্র ‘নিঃসন্দেহে সরাসরি ভূমিকা’ পালন করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরায়েল কিছুই করতে পারবে না। খবর সিএনএন
রবিবার মন্ত্রিসভার বৈঠকে এমন অভিযোগ তুলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৈঠকে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘স্টিভ উইটকফ (ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত) আরাগচিকে (ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি) বলেছিলেন— ‘‘আমাদের অনুমতি ছাড়া ইসরায়েল কিছুই করতে পারবে না’’। এর অর্থ ইসরায়েলের পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অনুমোদনে পরিচালিত হয়।’
পেজেশকিয়ান বলেন, ‘আমরা আজ যা প্রত্যক্ষ করছি— তা ওয়াশিংটনের সরাসরি সমর্থনে হচ্ছে। যদিও তারা মিডিয়াতে তাদের ভূমিকা গোপন করার চেষ্টা করছে।’
প্রেসিডেন্ট বলেন, ‘ইরান কখনো যুদ্ধ বা সংঘাত চায়নি, তবে যেকোনো ধরনের শত্রুতা অব্যাহত থাকলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।’