রাজধানীর বাড্ডায় মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হওয়া আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর ১ মাস ৮ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার জানান, আনোয়ারের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বাবার নাম আবুল কালাম। এক ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। বর্তমানে আনোয়ার ও জব্বার বাড্ডা বৈঠাখালি এলাকায় থাকেন। সেখানে গরুর ফার্ম রয়েছে আনোয়ারের। গত ৮ মে রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা আনন্দনগর টেকপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এতে বেশ কয়েকটি গুলিবিদ্ধ হয় তার শরীরে। খবর পেয়ে ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে ধানম-ির একটি বেসরকারি হাসপাতালসহ আরও একটি হাসপাতালে নিয়ে ভর্তি রাখা হয়। সবশেষ তাকে গত ১২ জুন আবার ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকবার তার অস্ত্রোপচার হয়। তিনি আরও জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে আনোয়ারের দ্বন্দ্ব চলছিল। তার জের ধরেই স্থানীয় মাদক কারবারি নয়ন, সালাউদ্দিন, দেলোয়ারসহ আরও কয়েকজন মিলে তাকে গুলি করেছিল।
ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান বলেন, মাদক বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে ঘটনাটি ঘটেছিল। তখন আমরা অনুরোধ করার পরেও গুলিবিদ্ধ আনোয়ারের পরিবারের কেউ মামলা করতে চায়নি। এজন্য এতদিন কোনো আসামি গ্রেপ্তার করা যায়নি। আজ (গতকাল) জানতে পেরেছি, আনোয়ার মারা গেছেন। তার পরিবারের সদস্যরা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা হওয়ার পর আসাদিরে গ্রেপ্তার করা হবে।