পরিবেশ উপদেষ্টা বললেন

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে স্বস্তি এসেছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ‘রাজনীতিতে একটা স্বস্তিকর পরিস্থিতি এসেছে’ বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কারও কোনো মতামত থাকলে, সেটাও প্রধান উপদেষ্টাকে জানাতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

গতকাল রবিবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলে, সেটা তারা প্রধান উপদেষ্টার কাছে নিশ্চয়ই বলবে। সে পথ খোলা রয়েছে। সবার বক্তব্যই তিনি শুনবেন।’

যেকোনো সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আমরা সন্তুষ্ট।’

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপড়েন ছিল, এ বৈঠকের মাধ্যমে সেটির অবসান হয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমনÑ আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন আর সংস্কারই বলেন; প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা যে হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।’