সাবেক নারী এমপির বাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে রুমনকে আটক করা হয়।

গতকাল রবিবার দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন এলাকায় রিফাত আমিনের বাড়িতে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এ অভিযান পরিচালনা করেন।

মেজর ইফতেখার অভিযানের সময় সাংবাদিকদের বলেন, ‘রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং প্রমাণসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপি রুমনের বাড়িতে অভিযান চালিয়ে রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন।