দেশের মানুষ না খেয়ে থাকতে রাজি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে।
আজ সোমবার (১৬ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
এ বৈঠকে ড. মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা জানান, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কিভাবে বাংলাদেশ ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বিশ্বজুড়ে চলমান সংঘাত নিয়ে তিনি বলেন, যুদ্ধ-সংঘাত থেকে বেরিয়ে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব দেখতে চাই।