খুলনায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (১৬ জুন) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দৌলতপুর থানাধীন বণিকপাড়া খানাবাড়ির বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গার বাসিন্দা শেখ আশরাফুল ইসলামের ছেলে জুয়েল মাহমুদ সাগর।
আদালতের সূত্র জানায়, ২০১৫ সালের ৩০ জুলাই রাতে খুলনার খালিশপুর থানার পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দুইজন যুবক একটি ব্যাগে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে খালিশপুর হয়ে দৌলতপুরের দিকে যাবে। এমন সংবাদ পেয়ে ওই রাতে খালিশপুর থানার পুলিশ গোয়ালখালী কবরস্থানের সামনে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করতে থাকে। রাত ১১ টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে দুইজন চেকপোস্ট পার হচ্ছে।
এ সময় পুলিশ মোটরসাইকেলটিকে সিগনাল দিলে তারা গতি কমিয়ে পুনরায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন জিজ্ঞাসাবাদ একপর্যায়ে তাদের কাছে থাকা লাইলনের ব্যাগে ৪০ বোতল ফেন্সিডিল আছে বলে স্বীকার করে।
উপস্থিত জনতার সামনে পুলিশ ওই ব্যাগ থেকে উল্লেখিত পরিমাণ ফেন্সিডিল বের করে। এ ঘটনায় ওইদিন রাতে খালিশপুর থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন এবং একই বছরের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন তাদের দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।