দেশের চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল ১১টায় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরু হবে।
আলোচনায় থাকছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষ সংসদ, নারী প্রতিনিধিত্ব ও প্রধান বিচারপতি নিয়োগ ইস্যু। আজ সোমবার ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, এবারের আলোচনায় থাকবে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, যার মধ্যে রয়েছে—সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ: দলত্যাগী সংসদ সদস্যদের আসন বাতিল সংক্রান্ত বিতর্কিত ধারা স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়া, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির কৌশল ও সাংবিধানিক নিশ্চয়তা।
এ ছাড়া দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিকীকরণ বিষয়ক প্রস্তাব ও আলোচনা।
কর্মসূচি শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন। এরপর অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও মিডিয়ার সামনে তাদের বক্তব্য তুলে ধরবেন।
এ আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের নিউজ চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। কমিশন জানায়, ১৭ জুনের এই আলোচনার পর ১৮ ও ১৯ জুন আরও দুই দফা আলোচনা অনুষ্ঠিত হবে। সেসব দিনের আলোচ্য সূচি পরবর্তীতে জানানো হবে।