মধুমতি নদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে মেয়ে নিখোঁজ

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহে মধুমতি নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে মা ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে তীরে উঠতে পারলেও ১২ বছর বয়সী সাফিয়া স্রোতের টানে ভেসে গেছে। তাদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতিতে। নিখোঁজ মেয়ের বাবার নাম লালন শেখ। ঈদের ছুটিতে তারা মায়ের সঙ্গে মামা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

রবিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে দুই ছেলে-মেয়েকে নিয়ে মা খুশি বেগম গোছল করতে নামেন। কিন্তু নদীর পানিতে অতিরিক্ত স্রোত থাকায় তারা তিনজনই পানিতে তলিয়ে যান। মা কোনও রকমে ছেলে সাকিব শেখকে নিয়ে তীরে উঠতে পারলেও মেয়ে সাফিয়া আক্তার পানির তোড়ে ভেসে যায়।

বিকেলে খবর পেয়ে মাদারীপুর থেকে একটি ডুবুরিদল বিকেলে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ সাফিয়া আক্তারকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি।

মাদারীপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মো. রিয়াজুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মাদারীপরে থেকে বিকেলে ঘটনাস্থলে আসি। ভিকটিমকে অনেক খোঁজাখুঁজির পরও উদ্ধার করা সম্ভব হয়নি।