লন্ডনে আলোচনার সিদ্ধান্ত যথাযত প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, লন্ডন আলোচনায় হওয়া সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানান। যাতে জনগণকে বলতে পারে তারা নির্বাচনের বিষয়ে সরকারের একটা নির্দেশনা পেয়েছে।
আজ সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে হবে। জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অতিদ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি; সেরকম কার্যক্রম আপনারা নেবেন।
তিনি বলেন, লন্ডন বৈঠকে কারোর দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে, সেভাবেই পরিচালিত হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী অন্যদেশের নাগরিক উপদেষ্টা হতে পারে না। এই সরকারের বৈধতার জন্য সংসদ লাগবে। সেই প্রক্রিয়া এখন অগ্রসর হতে হবে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।