যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মধ্য ও দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষমাণ শত শত লোকের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৩৪ জন নিহত ও ২০০ জনেরও বেশি আহত হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র কাছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে গাজা সিটির উপকূলে মাছ ধরার নৌকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে দুই জেলেও নিহত ও তিনজন নিখোঁজ রয়েছেন বলে একটি মেডিকেল সূত্র সংবাদ সংস্থা আনাদোলুকে জানিয়েছে।
একই শহরে ইসরায়েলের পৃথক দুটি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।
আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল জানিয়েছে, গাজা সিটির শেজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছে।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে নৃশংস আক্রমণ চালিয়ে প্রায় ৫৫,৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।