চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল ইসলাম (৭৫) নামে বৃদ্ধ নিজ বাড়িতে রবিবার (১৫ জুন) মারা গেছেন। নতুন করে করোনা সংক্রমণের পর চট্টগ্রামে এই প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটলো। খবরটি নিশ্চিত করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র।
সূত্রটি জানায়, শফিউল ইসলাম আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি বারবার কিডনি ডায়ালাইসিস করাতেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন মোট ২৮ জন। এর মধ্যে একজন মারা গেছেন।’
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, শফিউল ইসলাম কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। তার অস্ত্রোপচারও হয়েছিল। তিনি বারবার কিডনি ডায়ালাইসিস করাতেন। গত ৪ জুন মা ও শিশু জেনারেল হাসপাতালে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। উক্ত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাও নেন। স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে বাড়িতে গেলে গতকাল রবিবার তার মৃত্যু হয়। সিভিল
সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে নগরের সাতজন এবং উপজেলার তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতালে তিনজন, মা ও শিশু জেনারেল হাসপাতালে একজন, পার্কভিউ হাসপাতালে চারজন এবং এপিক হেলথ কেয়ারে দুজনের করোনা শনাক্ত হয়।