আওয়ামী লীগ আমলে নির্যাতন 

ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন চোখ হারানো কিবরিয়া

প্রথমে অপহরণ, পরে নির্যাতন ও ছুরি দিয়ে দুই চোখ উপড়ে ফেলা। দুই চোখ হারানো কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া গুম ও নির্যাতনের অভিযোগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ জমা দিয়েছেন।

এতে কুমিল্লা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ বাপ্পি, স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা, তখন স্থানীয় থানায় কর্মরত কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ১৫ জনকে অভিযুক্ত করেছেন গোলাম কিবরিয়া।

অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বর্ণনা দেন আওয়ামী লীগের সময় তার ওপর ভয়াবহ নির্যাতনের। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। বলেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতি করেন। তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে স্থানীয় আওয়ামী লীগের রোষানলে পড়েন তিনি ও তার পরিবার।

এ সময় তার সঙ্গে থাকা দুই ভাই ইয়াসিন আরাফাত ও নেয়ামত রহমান উপস্থিত ছিলেন। তারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দ। গোলাম কিবরিয়া বলেন, ২০১৬ সালের ২১ জুলাই রাতে জাহেরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাকে অপহরণ করে স্থানীয় পশ্চিম বাগিচারগাও এলাকায় আবু তৈয়ব অপির বাসায় নিয়ে যায়। সেখানে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ছুরি দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়। পরবর্তীতে চিকিৎসা নিলেও তিনি চিরতরে অন্ধ হয়ে যান। দোষীদের বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি দুনিয়াতে বেঁচে থাকার পরেও পৃথিবী আমার কাছে অন্ধকার।