মালয়েশিয়া ও সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘রেমিট্যান্স যোদ্ধারা’ একমুখী যাত্রার এই সুবিধা পাবেন চলতি বছর জুড়ে।
এর আগে মালয়েশিয়া ও সৌদি আরবের জন্য এই সুবিধার মেয়াদ ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ঠিক করা হয়েছিল। তবে বিমান বাংলাদেশ এখন বলছে, এই দুই দেশে যাওয়ার ক্ষেত্রেও ৩১ ডিসেম্বর পর্যন্ত রেয়াতি ভাড়া সুবিধা মিলবে। ‘ওয়ার্কার ফেয়ার’ নামের এ উদ্যোগের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (ট্যাক্স বাদে) ধরা হয়েছে ৩৬০ মার্কিন ডলার। আর মালয়েশিয়ার ক্ষেত্রে এই পরিমাণ ১৫০ ডলার। আর ঢাকার বাইরে থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার।