যারা সংকট তৈরি করেছিল, তারা নতুন জটিলতা তৈরিতে তৎপর: প্রিন্স

আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে জনপ্রত্যাশা ও অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণে নিজেদের প্রস্তুত করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, লন্ডন বৈঠকে সারা দেশে শান্তির সুবাতাস বইতে শুরু করলেও যারা জটিলতা সৃষ্টি করে রাজনৈতিক সংকট ও অচলাবস্থা তৈরি করেছিল, তারা অশান্তিতে আছে ও নতুন করে জটিলতা সৃষ্টি করতে তৎপর। এরা নানা অজুহাতে বিএনপি ঠেকাতে চায়। যারা বিএনপি ঠেকাতে চায় জনগণ তাদের ঠেকিয়ে দেবে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ে ধারা ও ধুরাইল ইউনিয়ন এবং বিকালে হাসলুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেল মিলনায়তনে উপজেলার ভুবনকুড়া ও যুগলী ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের মধ্যদিয়ে নির্বাচন, সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও অনিশ্চয়তা কেটে গেছে। নির্বাচনী ট্রেনে উঠতে রাজনৈতিক দল এখন স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ে অতিমাত্রায় আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির সুযোগ নেই। প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতির সম্ভাবনা বেশি। তাই নির্বাচনকে সিরিয়াসভাবে নিয়ে শতভাগ সতর্ক থেকে কাজ করতে হবে।

বিপথগামীদের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে প্রিন্স বলেন , শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী কাউকে আর বরদাশত করা হবে না। সে যতবড় ত্যাগী বা শক্তিশালী হোক না কেনো, তার ক্ষমা নাই।

তিনি বলেন, ক্ষমতা বা হেডম দেখানোর নাম রাজনীতি নয়। দেশ ও জনগণের কল্যাণে নিঃস্বার্থ কাজ করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। কুকর্ম করতে গিয়ে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে । বিএনপির নাম ব্যবহার করে কুকর্মকারীদের স্থান বিএনপিতে আর হবে না। গুটিকয়েক বিপথগামী ও কুকর্মকারীর দায় দল নেবে না। তাদেরকে দেশের আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে। 

তিনি আরও বলেন, শুধু ক্ষমতায় যাওয়া নয়, জনপ্রিয়তা ধরে রেখে জনপ্রত্যাশা পূরণ ও সকল অনৈতিকতার ঊর্ধ্বে থেকে দীর্ঘমেয়াদে দেশ পরিচালনার দক্ষতা অর্জন করতে হবে।

এসময় তিনি নেতাকর্মীদের প্রতি নিজ নিজ গ্রামে সাংগঠনিক কর্মের পাশাপাশি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু করার আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা দুইটিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম শাহিন, মির্জা সাফায়েত হোসেন তাইয়েব, মহাইমেনুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ, ধারা ইউনিয়ন ছাত্রদল নেতা মোবাশ্বিরুল ইসলাম, জসিম উদ্দিন, রকিবুল হাসান, ধুরাইল ইউনিয়ন ছাত্রদল নেতা শাহরিয়ার আকন্দ, আরাফাত হোসেন পারভেজ, আবু নাঈম।