সুন্দরগঞ্জে বিয়ের এক মাসের মাথায় নববধূর আত্মহত্যা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের মাত্র এক মাসের মাথায় জরিনা বেগম (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (সরকারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
‎ 
‎নিহত জরিনা বেগম ওই গ্রামের মো. মুন্নাফ মিয়ার স্ত্রী এবং কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের নুরনবী মিয়ার মেয়ে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক মাস আগে জরিনা বেগমের সঙ্গে পারিবারিকভাবে মো. মুন্নাফ মিয়ার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। জরিনার বিয়ের আগে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে এমন সন্দেহ নিয়ে স্বামী মুন্নাফ মাঝেমধ্যে ঝামেলা তৈরি করতো। নিহতের স্বামী মাদক সেবন করে এসে স্ত্রীর প্রেম সন্দেহের জের ধরে বাকবিতণ্ডা সৃষ্টি করেন। একপর্যায়ে ওই গৃহবধূ সোমবার রাতে স্বামীর বসতঘরের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আলমগীর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেন। 

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। তবে, নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।