ব্র্যাক ও সোয়াস ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রাম

ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন যৌথভাবে গ্লোবাল ডেভেলপমেন্টে পিএইচডি প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রাম ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং সোয়াসের ইকোনমিকস ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ পরিচালনা করবে। প্রোগ্রামটি শিক্ষার্থীদের টেকসই শাসন, সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো বিষয়ে গবেষণার সুযোগ দেবে। এটি ব্র্যাকের বাস্তবভিত্তিক গবেষণা অভিজ্ঞতা এবং সোয়াসের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয়। শিক্ষার্থীরা ব্র্যাকের মাঠপর্যায়ের অবকাঠামো ব্যবহার করতে পারবেন এবং ঢাকা বা লন্ডনে গবেষণা পরিচালনার সুযোগ পাবেন।

ব্র্যাক ইউনিভার্সিটির এটি প্রথম আন্তর্জাতিক যৌথ ডক্টরাল প্রোগ্রাম। ২০২৩ সাল থেকে এর প্রস্তুতি শুরু হয়। প্রোগ্রামটি বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার শিক্ষার্থীদের জন্য উচ্চতর গবেষণার সুযোগ সহজলভ্য করবে।

উদ্বোধন অনুষ্ঠান ১৬ জুন লন্ডন ও ঢাকায় একযোগে হয়। লন্ডনে সোয়াসের ভাইস চ্যান্সেলর প্রফেসর অ্যাডাম হাবিব ও ব্র্যাকের চেয়ারপারসন তামারা হাসান আবেদ চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকায় অনুষ্ঠানে নেতৃত্ব দেন ব্র্যাকের ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে অসাধারণ আখ্যায়িত করে সাফল্য কামনা করেন। প্রফেসর হাবিব বলেন, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক পরিবেশ গড়ে তুলবে। তামারা হাসান আবেদ এটিকে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের হাইকমিশনার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি