এনসিপির সারোয়ার তুষারকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারের নিজ দলের এক নারী নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না পাঁচ দিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত (শোকজ) থাকতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, আপনার (সারোয়ার তুষার) বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন। এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা  দেওয়া হলো।

চিঠিতে বলা হয়, পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক নির্দেশনা প্রদান করা হলো।