ইউএনও যখন শিক্ষক, ছাত্ররা তখন মনযোগী 

মাদরাসা পরিদর্শনে গিয়ে খুদে শিক্ষার্থীদের গণিত শেখালেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের আল ইসরা মাদরাসা (বালিকা) পরিদর্শনে গিয়ে তিনি চতুর্থ শ্রেণির গণিত ক্লাস নিয়েছেন।

পরিদর্শনের একপর্যায়ে ম্যাডাম চতুর্থ শ্রেণির ক্লাসে যান। সেখানে গণিতের পাঠদান চলছিল। তখন ম্যাডাম নিজেই শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন নিয়ম শেখাতে শুরু করেন। পরে তিনি মাদরাসার সবগুলো ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর নেন।  

ইউএনও ক্লাস নেওয়ার সময় ক্ষুদে শিক্ষার্থী মনযোগ সহকারে ক্লাস করতে দেখা গেছে। ক্লাস শেষে এক শিক্ষার্থী বলে ম্যাডাম খুব সুন্দর করে কথা বলেন, ম্যাডামের কথা শোনতে ভালো লেগেছে। ম্যাডাম অংকের কিছু টেকনিক শিখিয়েছেন। 

পরিদর্শনকালে তিনি মাদরাসাটির আবাসিক শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়ম মেনে ঘুম, খেলা, ইবাদত, খাওয়া ও স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দেন। শিক্ষকদের সাথেও তিনি মতবিনিময় করেন। 

আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, পরিদর্শনে এসে ইউএনও স্যার আমাদের মাদরাসার বিভিন্ন শ্রেণিকক্ষে যান এবং শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ-খবর নেন।

ইউএনও হিমাদ্রী খীসা বলেন, সুযোগ পেলেই আমি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে বের হই। শিক্ষার্থীদের পাঠগ্রহণের খোঁজ-খবর নিই। আল ইসরা মাদরাসা পরিদর্শনে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের ক্লাস নিয়েছি। শিক্ষার্থীরাও ক্লাসে আমাকে সাড়া দিয়েছে।